মিঠাপুকুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৫:৪৯

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তার নাম নয়নী বালা (২৩)। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ছড়ান বন্দরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বন্দরের মৃত প্রফুল্ল চন্দ্র মহন্তের ছেলে উত্তম মহন্তের সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয়েছিলো কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদরের অবিনাস চন্দ্র মহন্তের মেয়ে নয়নী বালার। বিয়ের পর তাদের দাম্পত্যজীবনে ২টি সন্তান জন্মগ্রহণ করে।

জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া হতো। সোমবার রাত ৯টার দিকে ওই পরিবারটিতে ঝগড়া লাগে। এ সময় উত্তম চন্দ্র মহন্ত নয়নী বালাকে বেধড়ক মারপিট করে। ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নয়নী বালার লাশ উদ্ধার করে। নিহতের স্বামী প্রফুল্ল চন্দ্র মহন্তকে আটক করে।

আরও পড়ুন: আবরার হত্যা মামলার আসামি নাজমুস সাদাত দিনাজপুরে গ্রেফতার

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, 'লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, প্রাথমিকভাবে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য নিহতের স্বামী প্রফুল্ল চন্দ্র মহন্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

ইত্তেফাক/নূহু