হোসেনপুরে গতকাল রবিবার সকালে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র উবায়দুল্লাহ মুন্না হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে দরিয়াবাজ এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় ডিএস দাখিল মাদ্রাসা ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুন্নার পিতা নূরুল হুদা, স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া, মাদ্রাসা সুপার মাসুম বিল্লাহ খান, আবু নাঈম রেনু ভুঁইয়া প্রমুখ। এসময় উপস্থিত হাজারো জনতার সামনে নিহতের মা মেহেরা খাতুন কান্নায় ভেঙে পড়েন এবং জীবদ্দশায় তার পুত্র হত্যার বিচার দেখে যেতে চান। গত ১৫ অক্টোবর উপজেলার শাহেদল মধ্য গ্রামের নূরুল হুদার পুত্র ও স্থানীয় ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র উবায়দুল্লাহ মুন্না বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২২ দিন পর স্থানীয় দরিয়াবাজ এলাকার একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায়।
