জয়পুরহাটের আক্কেলপুরে আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি ঋণের দায়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার গুড়কী দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আবুল হোসেনের স্ত্রী মমতাজ বেগম সকালে তার মেয়েকে নিয়ে স্কুলে যান। পরে বাড়িতে এসে দেখেন তার স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় বাসিন্দা মনতাজ হোসেন বলেন, 'আবুল হোসেনের স্ত্রী আমাকে ডেকে বলেন তার স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তখন আমিসহ গ্রামের আরো দু-একজন আবুল হোসেনের বাড়িতে গিয়ে দেখি আবুল হোসেনকে তার স্ত্রী ঘরের বারান্দায় শুইয়ে রেখেছেন। এ সময় তার গলায় রশি পেঁচানো ছিলো।'
আবুল হোসেনের স্ত্রী মমতাজ বেগম বলেন, 'সকালে আমার ছোট মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তখন বাড়িতে আমার স্বামী ছিলো না। আমি বাড়ির বাইরের দরোজায় তালা দিয়ে গিয়েছিলাম। এরপর আমার স্বামী মই দিয়ে প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ধারণা করছি ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন। পাওনাদারেরা কিছুদিন থেকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন।'
আরও পড়ুন: খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, 'এ ঘটনায় এখনও পর্যন্ত আমাকে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/এএএম/নূহু
