এফডিসিতে মৌসুমী লাঞ্চিত! শিল্পীদের নিন্দা জ্ঞাপন
বিনোদন রিপোর্ট
যেখানে নতুন চলচ্চিত্র নির্মাণের খবর নেই। ক্রমাগত হল সংখ্যা কমছে। আর এদিকে শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ভেতরে কাঁদা ছোড়াছুড়ির চূড়ান্ত চলছে। এদিকে সভাপতি পদে স্বতন্ত্র পদপ্রার্থী মৌসুমীকে লাঞ্চনার ঘটনায় একাধিক শিল্পী নিন্দা জানিয়েছেন। রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে চিত্রনায়িকা মৌসুমী অপমানিত হয়েছেন বলে জানা গেছে। মিশা-জায়েদ প্যানেলের সমর্থক বলে পরিচিত ড্যানি রাজ তাকে অপমান করেছেন। এই অপমানে ঘটনাস্থলেই কেঁদে ফেলেন মৌসুমী।
সোমবার সন্ধ্যার এ ঘটনায় মৌসুমী অভিযোগ করে বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণার জন্য এফডিসিতে গিয়েছিলাম। সেখানে আমার এক বড় আপা এবং কয়েকজন ভক্ত ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। তারা শিল্পী সমিতির সামনে আমার সঙ্গে সেলফি তুলে চলে যাবেন এমন সময়ে ড্যানি রাজ খুব বাজে আচরণ শুরু করে। আমিসহ সবার সঙ্গে তিনি বাজে ব্যবহার করেন। একটা হট্টগোল তৈরি করেন। ড্যানি আমাকে চিত্কার করে প্রশ্ন করে, আমি কে? আসলে তারা চাইছে একটা ঝামেলা বাঁধাতে। যেন নির্বাচন বানচাল হয়ে যায়। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ড্যানি রাজ নামে এক শিল্পী মৌসুমীসহ তার ভক্তদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করেছেন। চিত্কার করে মৌসুমীকে বলছিলেন, আপনি কে? বেশ কয়েকবার এই কথাটি উচ্চারণ করেন ড্যানি রাজ। এ সময় মৌসুমী কেঁদে ফেলেন। পরবর্তীতে মৌসুমী বলেন, ‘আমি হতবাক। কোনোকিছুই বলার নেই। আমরা শিল্পীরা সারাদেশের আইডল। সেখানে এই দৃশ্য, এই ধরনের ঘটনা সে-ও আমার সঙ্গে! আমি বাকরুদ্ধ আজ। এর সমাধান আমি সিনিয়র শিল্পীদের কাছেই চাইলাম। আর কত নিচে নামবো আমরা।’ বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তাত্ক্ষণিকভাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে ড্যানি রাজ তার কৃতকর্মের জন্য ক্ষমা চান।
