ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ সামিট গোলটেবিল বৈঠক

রোবট তৈরি ও পরিচালনার প্রস্তুতির আহ্বান

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:০১

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে নেতৃস্থানীয় দেশীয় শিল্প উদ্যোক্তা/ বিনিয়োগকারীগণকে নিয়ে এটুআইয়ের আইল্যাব-এর উদ্যোগে  ‘ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ সামিট’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

এ আয়োজনের মূল উদ্দেশ্য আই ল্যাবের দেশীয় উদ্ভাবনসমূহ দেশবাপী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক উত্পাদন ও বাজারজাতকরণ। ঐ গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

এতে প্রধান অতিথি সালমান এফ রহমান বলেন, ‘আমি যত দিন সরকারের সঙ্গে আছি, এটা আমার দেখা সেরা সেশন। এই উদ্ভাবনগুলো দেখে আমার মনে হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে নিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণের পথে আমরা খুব ভালোভাবেই আছি। বেসরকারি শিল্প উদ্যোক্তারাও এসব উদ্ভাবনে আগ্রহী হচ্ছেন দেখলাম। সেটি আমাদের জন্য আশার খবর। চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদের তৈরি থাকতে হবে। রোবট তৈরি ও পরিচালনার জন্য তাদের প্রস্তুত হতে হবে।’

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘আমাদের উদ্ভাবনের একটা অংশ আমরা এখানে দেখলাম। এমন আরো অনেক উদ্ভাবন নিয়ে তৈরি আছেন আমাদের উদ্ভাবকেরা। এখন এখানে বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন।’

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘উদ্ভাবনের ক্ষেত্রে সরকারি, বেসরকারি ও অ্যাকাডেমিয়াকে একসঙ্গে কাজ করতে হবে এবং তরুণদের সম্পৃক্ততা এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। উদ্ভাবকদের অর্থ, ঋণ ও পলিসির বিষয়ে সহযোগিতা করবে বিডা।’

গোলটেবিল আলোচনায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এটুআই-এর আইল্যাবের উদ্ভাবন সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ইউএনডিপি গত বছর ৬০টি দেশে ইনোভেশন ল্যাব স্থাপন করেছে। কিন্তু বাংলাদেশে তার প্রয়োজন হয়নি। কারণ এখানে আগে থেকেই একটু ইনোভেশন ল্যাব আছে। আমি কিছুদিন আগে আইল্যাব ঘুরে দেখেছি এবং মুগ্ধ হয়েছি।  উদ্ভাবন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সামনে আদর্শ হিসেবে কাজ করবে।’