বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী বাসের যাত্রা শুরু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:০৫

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫টি ভ্রাম্যমাণ বিজ্ঞানবাস যাত্রা শুরু করেছে। ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনটি মুভিবাস ও দুইটি অবজারভেটরি বাস সব শ্রেণির নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে এগুলোর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্ঞান বড়ো সম্পদ। চর্চায় তা বেড়ে যায়। নদীর স্রোতের মতো এ চর্চা অব্যাহত থাকতে হয়। থেমে গেলে মরে যায়। বিজ্ঞানসচেতন নাগরিক তৈরিতে আমাদেরকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান সচিব মো. আনোয়ার হোসেন বলেন, মানবিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রাযুক্তিক উদ্ভাবন জরুরি। শিশু ও তরুণদের বিজ্ঞান চর্চার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী তারাই বিজ্ঞান জানবে ও নতুন জ্ঞান সৃষ্টি করতে পারবে।

জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান শিক্ষাকে বই পুস্তকের মধ্যে সীমিত না রেখে প্রায়োগিক জ্ঞান অর্জনকে গুরুত্ব দিতে হবে। এসব মুভিবাস ও অবজারভেটরি বাস সে লক্ষ্য পূরণে সহায়ক হবে। শিক্ষার্থীদের মোবাইল, ইন্টারনেট ও মাদকাসক্তির অভিশাপ থেকে মুক্ত করতে এ কার্যক্রম সুফল দেবে। অনুষ্ঠানে মোহাম্মাদপুর মডেল স্কুল এবং শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্র—ছাত্রী উপস্থিত ছিলেন।