শিশু তুহিন ও আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১২

সুনামগঞ্জ প্রতিনিধি : দিরাই উপজেলার কেজাউরা গ্রামের পাঁচ বছরের শিশু তুহিন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে দিরাই কল্যাণ সমিতি মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিরাই কল্যাণ সমিতির আয়োজনে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন—সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মাসুক আলম, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, অ্যাড. এনাম আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজ বেড়েই চলেছে। গত কয়েক দিন আগে বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এবং গতকাল পাঁচ বছরের শিশু তুহিনকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং দ্রুত সময়ের মধ্যে আবরার ও তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক          —ইত্তেফাক