গরুর কৃমিনাশক ওষুধে শিশু অসুস্থ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৩

ওষুধ ব্যবসায়ীর অর্থদণ্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় শিশুর কৃমিনাশক ট্যাবলেটের পরিবর্তে গরুর কৃমিনাশক ট্যাবলেট বিক্রির অভিযোগে কামাল হোসেন নামের এক ওষুধ ব্যবসায়ীকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভুল ট্যাবলেট বিক্রির দায়ে অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গরুর কৃমিনাশক ট্যাবলেট খেয়ে আয়শা নামে দুই বছরের শিশু অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুরে তার মা লাইলী বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় মিরুখালী বন্দরের ওষুধ ব্যবসায়ী কামাল হোসেনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ অর্থদণ্ডাদেশ দেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার উত্তর মিরুখালী গ্রামের লাইলী বেগম তার দুই বছরের শিশুকন্যা আয়েশা আক্তারের জন্য কৃমিনাশক ওষুধ কিনতে স্থানীয় মিরুখালী বন্দরের তালুকদার ফার্মেসিতে যান। ফার্মেসি থেকে তাকে ভেটেরেনারি গরুর কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করেন বিক্রেতা। ঐ কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর পর তার শিশু অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে পাঁচ দিন চিকিত্সা শেষে শিশুটির মা লাইলী বেগম মঙ্গলবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী তার দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।’