পেকুয়ায় টমটম ছিনতাই চালক গুরুতর আহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৮

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় এক চালককে গুরুতর আহত করে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টায় এবিসি সড়কের নুইন্যামুইন্যা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মুহাম্মদ রুবেল বলেন, জমিরের গলার অর্ধেক অংশ কেটে গেছে। পিঠেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর বুঝতে পেরে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত জমির উদ্দিন (২৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, পেকুয়া কলেজ গেট চৌমুহনী স্টেশন থেকে পাঁচ জন যাত্রী নিয়ে সদরের বাঘগুজারা বাজারে যাচ্ছিল জমির উদ্দিন। যাত্রীবেশে ছিনতাইকারীরা নুইন্যামুইন্যা ব্রিজ পয়েন্টে পৌঁছলে চালককে জবাই করে টমটম গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। তাকে উদ্ধারকারী জুয়েল ও আক্কাস জানান, আমরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। জমির গলায় কাপড় প্যাঁচিয়ে ধরে আমাদের ইশারা করে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তখন কাউকে পাওয়া না গেলেও খোঁজ নেওয়া হচ্ছে। জমিরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে চিকিত্সকরা। ছিনতাইকারীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।