শৈলকুপায় ফের পেঁয়াজের মূল্য বৃদ্ধি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৯

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি প্রায় এক হাজার টাকা বেড়েছে। গতকাল মঙ্গলবার শৈলকুপা হাটে প্রতি মণ পেঁঁয়াজ ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়। এর এক সপ্তাহ আগে প্রতি মণ পিঁয়াজের দাম কমে ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। দিন বিশেক আগে প্রতি মণের দাম সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হয়েছিল। পরে দাম কমে ২ হাজার টাকায় নেমে এসেছিল। ফের দাম বাড়তে শুরু করে।

মঙ্গলবার হাট ঘুরে দেখা যায়, প্রচুর পেঁয়াজ উঠেছে। কিন্তু দাম চড়া।  ব্রহ্মপুর গ্রামের চাষি মফিজুল ইসলাম বলেন, ‘তিনি এক মণ পেঁয়াজ ৩ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেছেন। নতুন পেঁয়াজ উঠার পর প্রতি মণ ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি করেছিলেন।’ শৈলকুপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত খরিপ মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ১০০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজ উত্পাদন হয়েছিল এক লাখ ১০ হাজার টন।