বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাকেরগঞ্জ পৌরসভার সিনেমা হল চৌমাথা এলাকা থেকে মঙ্গলবার এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত হচ্ছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে রফিকুল ইসলাম।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, রফিকুল ইসলাম নিজেকে একজন বড়োমানের এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চেম্বার বসিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদে ডাক্তার হিসেবে সনদ ও কোনো রেজিস্ট্রেশন দেখাতে না পারায় গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ঐ জেল-জরিমানা করা হয়।
