উয়েফা কিশোর ফুটবল
স্পোর্টস রিপোর্টার
স্বাগতিক বাংলাদেশ আজ বুধবার সন্ধ্যায় কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে উয়েফার সহযোগিতায় হতে যাওয়া চার জাতির অনূর্ধ্ব ১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্টে অভিযান শুরু করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ইউরোপীয় দল ফ্যারো আইল্যান্ডসের বিপক্ষে খেলবে মালদ্বীপ।
চার জাতির এই টুর্নামেন্ট পরিচালিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে সর্বোচ্চসংখ্যক পয়েন্ট অর্জনকারীই চ্যাম্পিয়ন হবে। গেল বছর একই আসরে থাইল্যান্ডে বাংলাদেশ দলের শুরুটা হয়েছিল সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরে। এর পরের ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে অবশ্য ১০ গোলের বড়ো জয় পাওয়ায় তৃতীয় স্থান নিয়ে থাইল্যান্ড ছাড়ে বাংলাদেশি কিশোররা।
এবার পরিস্থিতি ভিন্ন। চেনা পরিবেশ, চেনা কন্ডিশনে শিরোপা বিজয়েই চোখ রাখছেন কোচ রবার্ট মার্টিন রাইলস। খেলোয়াড় জনি শিকদারের চোখেও ছিল আত্মবিশ্বাসের ছাপ। তিনি জানিয়েছেন, অতীতের ভুল শুধরে ইতিবাচক ফুটবল খেলতে চায় তার দল। তবে জয়-পরাজয় ছাপিয়ে অভিজ্ঞতা অর্জন আর নিজেদের অপ্রতিরোধ্য করে গড়ে তোলাই মূল চাওয়া বলে জানালেন কিশোরদের ইংলিশ কোচ। গতকাল মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এসব টুর্নামেন্টে জয়-পরাজয়ের চেয়ে বড়ো হয়ে দাঁড়ায় শিক্ষা আর অভিজ্ঞতা অর্জনটাই। আমরা এমন এক দল হিসেবে গড়ে উঠতে চাই, যাদের হারানো খুব কঠিন।’
গেলবারের আসরে মালদ্বীপকে হেসেখেলেই হারিয়েছিল বাংলাদেশ। এবারও তাদের তেমন ব্যবধানে হারানো সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে রাইলস বলেন, ‘সব দলকেই প্রাপ্য সম্মানটা দিতে হবে। অন্যথায় হারের পথে এক ধাপ এগিয়ে যাবেন আপনি। প্রতিযোগিতায় আসা কোনো দলকেই খাটো করে দেখছি না আমরা।’
কিশোর ফুটবল সূচি
১৬ অক্টোবর ফারো আইল্যান্ডস-মালদ্বীপ বিকাল চারটা
বাংলাদেশ-কম্বোডিয়া সন্ধ্যা ৭টা
১৮ অক্টোবর ফারো আইল্যান্ডস-বাংলাদেশ বিকাল ৪টা
মালদ্বীপ-কম্বোডিয়া সন্ধ্যা ৭টা
২০ অক্টোবর কম্বোডিয়া-ফারো আইল্যান্ডস বিকাল ৪টা
বাংলাদেশ-মালদ্বীপ সন্ধ্যা ৭টা
