শান্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের চ্যালেঞ্জ :নাসিম

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:১৬

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের  মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামীদিনের উন্নয়ন ও শান্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের চ্যালেঞ্জ। গতকাল মঙ্গলবার বিকালে তার নির্বাচনী এলাকা কাজীপুরে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শহিদ এম মনসুর আলী সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে তিনি কাজীপুরে আধুনিক মানের ৫০০ আসনবিশিষ্ট শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামের উদ্বোধন করেন।

সমাবেশে বুয়েট হত্যাকাণ্ড নিয়ে বিএনপির পানি ঘোলা করার অপপ্রয়াস ন্যক্কারজনক মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, এ ঘটনায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর। ঘটনার পরপরই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। দ্রুত বিচার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অপরাধী যে-ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুকন্যা তার সন্তানতুল্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ছাড় দেননি।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্সবের শুভ কামনা করে মোহাম্মদ নাসিম প্রতিবছর এ উত্সব পালনের আহ্বান জানান।