মানবতাবিরোধী অপরাধের দায়ে গাইবান্ধার পাঁচ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:১৮

মানবতাবিরোধী অপরাধের দায়ে গাইবান্ধার পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার (৮৬), মো. জাফিজার রহমান খোকা (৬৪), মো. আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২) ও মো. মমতাজ আলী বেপারী মমতাজ (৬৮)। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এই রায় দেন। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে গাইবান্ধা সদরে অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা ও দেশেত্যাগে বাধ্য করার অপরাধ সংঘটিত করায় ট্রাইব্যুনাল আসামিদের এ দণ্ড দেয়। দণ্ডিতদের মধ্যে রঞ্জু মিয়া ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন। এরা গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা ও চক গয়েশপুর গ্রামের বাসিন্দা। তারা সবাই জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল বলেন, আসামিদের অপরাধ বিবেচেনা করে আদালত এ রায় দিয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। আসামি রঞ্জু মিয়ার আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বলেন, আমরা সংক্ষুব্ধ। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১৪ বছর। শান্তিবাহিনী গঠন বা রাজাকার বাহিনীতে যোগ দেওয়ার মতো বয়স তখন তার ছিল না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।