১০ টাকার জন্য সন্তানকে হত্যা মাসহ আটক ৪

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:২৯

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে কাউছার (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা স্বপ্না বেগমসহ চার জনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এর আগে সোমবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

প্রতিবেশীরা জানান, গাড়ি চালানোর কাজে বেশির ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন স্বপ্না। সোমবার রাতে কাউছার মায়ের কাছে ১০ টাকা চাইলে তাকে মারধর করে গলাটিপে ধরেন মা। কিছুক্ষণ পর সন্তান মারা গেছে বলে কান্নাকাটি শুরু করেন স্বপ্না। এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে তাদের আরেকটি সন্তান রহস্যজনকভাবে মারা যান বলে জানান প্রতিবেশীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, দীর্ঘদিন ধরে স্বামীর দ্বিতীয় বিয়ে ও আর্থিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় ওড়না কেটে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। পরে খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে শিশুটির মাসহ চার জনকে আটক করে থানায় নিয়ে আসে। একপর্যায়ে মা তার সন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।