সালিশ থেকে উঠিয়ে নিয়ে বিচারপ্রার্থীকে স্বেচ্ছাসেবক লীগ নেতার মারধর!

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:২৪

গাজীপুরে এক বিচারপ্রার্থীকে সালিশ থেকে উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় কাউন্সিলরের উপস্থিতিতে মারধর করা হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত বিচারপ্রার্থী ফারুক আহমেদ (৩০) ইটাহাটা এলাকার আবুল কাসেমের ছেলে। মাথা ফেটে যাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মো. ইদ্রিস আলী গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

আহত ফারুক আহমেদ অভিযোগ করেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার নগরীর ইটাহাটার মতি মার্কেটের কাছে সালিশ বৈঠক বসে। স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশে উপস্থিত ছিলেন। সালিশের এক পর্যায়ে তাকে ও তার পিতাকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলা হয়। তিনি স্বাক্ষর দিতে অস্বীকার করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিস আলী সহযোগীদের নিয়ে সালিশ থেকে তাকে উঠিয়ে নিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত ইদ্রিস আলী জানান, ফারুক তার চাচাতো ভাই। মুরুব্বিদের সঙ্গে উচ্চবাচ্চ্য করায় বড়ো হিসেবে একটি থাপ্পড় দিয়েছেন।