বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইনজীবীরা মাঠে নেমেছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। আজকে আমরা শপথ নিচ্ছি—যেই পর্যন্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন না হবে, যেই পর্যন্ত না এই সরকারের পতন হবে, যেই পর্যন্ত দেশ দুর্নীতিমুক্ত না হবে, সেই পর্যন্ত আন্দোলনে রাজনীতিবিদদের সঙ্গে আইনজীবীরাও মাঠে থাকবে।
গতকাল মঙ্গলবার বিকালে নবগঠিত আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, সেলিমা রহমান, নিতাই রায় চৌধুরী, আইনজীবী নেতাদের মধ্যে বোরহান উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর মো. হোলাল উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, আমিনুল ইসলাম, মেজবাহ উদ্দিন, মহসিন উদ্দিন, ফারহাদ হোসেন, খোরশেদ আলম মিয়া, ফজলুর রহমান, আবিদ রাজা, আমিনুল ইসলাম, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
