চিত্রাঙ্কনের মাধ্যমে চিত্রশিল্পী এস এম সুলতানকে স্মরণ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:১৫

আব্দুর রউফ রিপন

নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁয় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম প্রয়াণ দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের একুশে পরিষদ কার্যালয়ে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মনের মতো ছবি অঙ্কন করে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম প্রয়াণবার্ষিকী উদযাপন করে নওগাঁর শিক্ষার্থীরা। নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এই দেশের জন্য স্থানীয় ও দেশের বিভিন্ন স্থানের গুণী ব্যক্তিদের অবদানের কথা এবং তাদের পরিচয় আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেই সব ক্ষণজন্মা ব্যক্তিদের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম প্রয়াণ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে একুশে পরিষদ। এদিন সংগঠনের সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, প্রফেসর শরিফুল ইসলাম খান,  মোহাম্মদ বিন আলী পিন্টু, রেজাউল হক, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও এম এম রাসেল। প্রতিযোগিতার শুরুতে এস এম সুলতানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিযোগিতায় শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ৬০জন শিক্ষার্থী ৪টি বিভাগে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।