কারাম উত্সব উদযাপন

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:১৬

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে সুখ-শান্তি কামনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাঁও ও সান্তাল সম্প্রদায়ের কারাম উত্সব অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, পরিবারের সুখ-শান্তি ও নিজেদের সুস্থতার জন্য কারাম নামের একটি বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে ওরাঁও ও সান্তাল সম্প্রদায়ের লোকজন এই উত্সব পালন করে থাকে। 

গত ১১ অক্টোবর দিনব্যাপী উপজেলার তালম ইউনিয়নের গুল্টা মিশন প্রাঙ্গণে মেলা উদযাপন কমিটির সভাপতি নিখিল খাঁর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের (ডায়োসিস) বিশপ জের্ভাস রোজারিও। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রসাশক দেবেন্দ্রনাথ ওরাঁও, নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কারিতাস রাজশাহী অঞ্চলের ডিএম দিপক এক্কা, গুল্টা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কার্লো বুদিজ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, ফাদার ক্যারোবিন বাকলা, গবেষক লুকাশ কিসপট্টা, দীপংকর লাকড়া, শিব প্রসাদ প্রমুখ।

ঐতিহ্যবাহী আদিবাসী ধর্মীয় কারাম উত্সবে নাচ-গানে মুগ্ধ ছিল গুল্টার ধর্মপল্লী।

নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও উত্সবে যোগ দিয়ে নেচেছে বড়দের সঙ্গে। উপজেলার আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মিলনমেলা ছিল এই উত্সব। এদিন তাদের ধর্মীয় সেরা অনুষ্ঠান ছিল বলে জানান আয়োজকরা। দিনব্যাপী অনুষ্ঠান শেষে নাচ-গানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।