ব্যতিক্রমী কিচ্চার আসর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:১৬

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

লোকসংস্কৃতির অন্যতম উপাদান কিচ্ছার চর্চা বাড়ানো ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কিচ্ছা গবেষক ও গ্রামবাংলার কিচ্ছাকাররা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে গণকেন্দ্র পাঠাগার চত্ত্বরে গত ৮ অক্টোবর রাতে শাহীন স্মৃতি সংঘ আয়োজিত কিচ্ছার আসরে তারা এ আহ্বান জানান। প্রবীণ সাংস্কৃতিক কর্মী আবুল খায়েরের সভাপতিত্বে এ আসরে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শামসুদ্দোহা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওছমান উদ্দীন খালেদ, ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি। অনুষ্ঠানে কিচ্ছা গবেষক মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহকে সম্মাননা ছাড়াও প্রধান ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। কিচ্ছার ফাঁকে ফাঁকে অতিথিরা ছাড়াও আলোচনায় অংশ নেন গোলাম মোস্তফা, নুরুল আমিন ও ইখতিয়ারুল ইসলাম খান। বক্তারা বলেন, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক কিচ্ছাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। কথাসাহিত্যে ব্রাহ্মণবাড়িয়ার কিচ্ছার পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এসব কিচ্ছায় নির্মল আনন্দ ছাড়াও প্রকৃতি, পরিবেশ এবং জীবন-দর্শন নিয়ে অনেক উপদেশ ও সমালোচনামূলক শিক্ষা রয়েছে। অনুষ্ঠানে কিচ্ছা পরিবেশন করেন শেখ ইসরাফিল, রেশম আলী, শেখ লোকমান, রিপন, কাশেম, বাবু, স্বপন, এমরান ও আলামিন। কিচ্ছা ছাড়াও জারিগান পরিবেশন করে আবুল খায়ের, সাজিদা এবং শিশু মিয়া ও তার দল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র প্রদান করা হয়। রিয়াদের ব্যবস্থাপনা ও মুতাসিম বিল্লাহর পরিচালনায় সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত পর্যন্ত এ অনুষ্ঠানটি উপভোগ করেন শতশত দর্শক।