মনসুর উদ্দিন আহমেদ ইকবাল
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৩ অক্টোবর হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবে স্থানীয় পরিচালকদের নির্মিত ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। হবিগঞ্জ ফিল্ম ক্লাবের আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অভিনেতা ঝুনা চৌধুরী ও রানা চৌধুরী। উত্সবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর পরিচালকরা হলেন সাইফুদ্দিন জাবেদ, লিটন গোপ, সুভাষ আচার্য্য, সোহাগ সিদ্দিক, সৈয়দ রাশিদুল হাসান রুজেন, গীেতম দাশ সুমন, সিএম রায়হান উজ্জ্বল, ইফতেখার আহমেদ ফাগুন, নাসির উদ্দিন রাসেল ও আব্দুল মজিদ মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, হবিগঞ্জের দুই কৃতি সন্তান প্রয়াত চিত্রপরিচালক এমএ ছামাদ ও দেশবরণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর নামে হবিগঞ্জের দুটি সড়কের নামকরণ করা ছাড়াও স্থানীয় চলচ্চিত্র নিমার্তাদের পৃষ্ঠপোষকতা করা হবে। এর আগে তিনি দি বাটারফ্লাই চলচ্চিত্রের ডিভিডির মোড়ক উন্মোচন করেন। উত্সবে প্রদর্শিত ১০টি চলচ্চিত্রের মধ্যে ‘ছায়া মানবীর’ পরিচালক নাহিল আশরাফুলকে সেরা পরিচালক হিসেবে ঘোষণা করে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উত্সবে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সমাজের নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
