চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে ছেলের ছোড়া ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে।
নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত আ. ওহাব খন্দকারের ছেলে সানোয়ার হোসেন (৬০)। ঘাতক ছেলে ইসমাইল হোসেন (২৩) পলাতক। এ ব্যাপারে নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইসমাইলের স্ত্রী ও তার মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে বাপ-বেটার মধ্যেও এনিয়ে বাগিবতণ্ডা শুরু হলে ইসমাইল ইট দিয়ে বাবা সানোয়ারের মাথায় সজোরে আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ সানোয়ার হোসেন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর বাজারে এক পল্লিচিকিত্সকের কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান সানোয়ার হোসেন।
চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, থানায় মামলা হয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।
