দেবব্রত মুখোপাধ্যায়
নাঈমুর রহমান দুর্জয় থেকে শুরু করে সাকিব-মুশফিক হয়ে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিকাংশ তারকা ক্রিকেটার উঠে এসেছেন এই অনূর্ধ্ব-১৯ দল থেকে। সে তুলনায় এখনকার যুবদলটাতে তারকা নামের উপস্থিতি কম। কিন্তু ভেতরে ভেতরে এই দলই প্রস্তুত হচ্ছে দেশকে সেরা সাফল্য এনে দেওয়ার জন্য।
আগামী বছরের ১৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ যুবদল এক দিন আগেই নিউজিল্যান্ডে সিরিজ খেলে ফিরেছে। সেখানে স্বাগতিক দলকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে ফিরেছে তারা। বাংলাদেশ যুবদলের অধিনায়ক আকবর আলী বলছেন, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দারুণ হয়েছে এই সিরিজটা। এখন সামনে শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজ আছে দেশের মাটিতে। তারপরই বিশ্বকাপ অভিযান। আর সেই অভিযানে দেশের সেরা সাফল্য এনে দিতে চান আকবর আলী।
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সিরিজটায় প্রবল প্রতাপের সঙ্গে জয় পাওয়াটাকে এমনিতেই খুব তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন অধিনায়ক আকবর। তার কাছে এটা ছিল বাংলাদেশ যুবদলের স্কিলের দারুণ একটা প্রদর্শনী, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে আমাদের এই দলের কেউ আগে কখনো খেলেনি। ফলে ওখানে গিয়ে মানিয়ে নিয়ে দ্রুত ওদের বিপক্ষে টানা জয় পাওয়াটা একটা বড়ো ব্যাপার ছিল আমাদের জন্য। আমাদের কয়েক জন ব্যাটসম্যান ও বোলার ওই কন্ডিশনে দারুণ পারফরম করেছে। আমরা প্রমাণ করেছি, স্কিলের দিক থেকে আমরা কোথাও পিছিয়ে নেই।’
এই সিরিজটা এবং এক মাস আগের ইংল্যান্ড সফর বাংলাদেশ দলকে আসলে বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত করেছে বলেই অধিনায়কের বিশ্বাস। তিনি মনে করেন, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনে পাওয়া সাফল্য তাদের দক্ষিণ আফ্রিকায় সহায়তা করবে, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের মূলত সিমিং কন্ডিশনে খেলতে হবে। সে দিক থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের অভিজ্ঞতা আমাদের খুব হেল্প করবে। আমরা এ দুই জায়গাতেই ভালো মানিয়ে নিয়ে ভালো পারফরম করেছি। আশা করছি, দক্ষিণ আফ্রিকায়ও সেটা করতে পারব আমরা।’
বাংলাদেশের এখন পর্যন্ত যুব বিশ্বকাপে সেরা সাফল্য এসেছে ২০১৬ সালে। সেবার দেশের মাটিতে তৃতীয় হয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। আকবর চান সেই সাফল্যকে এবার ছাপিয়ে যেতে। তার লক্ষ্য এবার কমপক্ষে ফাইনাল। তবে টুর্নামেন্টের এতো আগে সেটা নিয়ে বেশি ভাবতে রাজি নন এই মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘আমি মনে করি, আমরা স্কিলের দিক থেকে বিশ্বকাপে ভালো করার জন্য তৈরি। এখন মানসিকভাবে খেলোয়াড়েরা কতো ভালো সাড়া দেয়, সেটা একটা ব্যাপার। আমি তো মনে করি, আমাদের এই দলের ফাইনাল খেলার সামর্থ্য আছে। আর চাওয়া বললে অবশ্যই শিরোপা জিততে চাই। তবে বড়ো টুর্নামেন্টে একটা খারাপ দিন সব শেষ করে দিতে পারে। তাই আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবব।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গত কয়েক মাস দারুণ ছন্দে আছে। নিউজিল্যান্ডকে বড়ো ব্যবধানে সিরিজ হারানোর পাশাপাশি কিছুদিনের মধ্যে তারা দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। কিন্তু দুটি ফাইনালেই তারা হেরে গেছে ভারতের কাছে। আকবর মনে করেন, এখানে মানসিক দৃঢ়তার অভাব ছিল তাদের। আর সেটাই বিশ্বকাপে চান তিনি, ‘দুটি ফাইনালেই আমি মানসিক দিক ছাড়া হারের কোনো কারণ দেখি না। আর এই জায়গাটায় বিশ্বকাপের আগে আমাদের আরো শক্ত হতে হবে।’
