আফসোসে পুড়ছেন ক্রিকেটাররাও

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়—এই বেদনার ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ে ভালো আর কে জানে!

এশিয়া কাপের দুটি ফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ; এই ভারতের বিপক্ষে কাছে গিয়ে অনেক পরাজয় দেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত কয়েক মাসের মধ্যে বাংলাদেশ যুব দল দুই বার দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে হেরেছে এই ভারতের কাছে। আরেকবার সেই ভারতের কাছেই শেষ সময়ে এসে স্বপ্নভঙ্গ হলো—এবার ফুটবলে।

বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচটা। ১ গোলে পরিষ্কার এগিয়েই ছিল জামাল ভুঁইয়ার দল। কিন্তু অন্তিম সময়ের এক গোলে ম্যাচে সমতা ফেরায় ভারত। আর এই জয় হাতছাড়া হতে দেখে সারাদেশের মানুষের মতো কষ্ট পেয়েছেন ক্রিকেটাররাও। তারা নিজেদের অভিজ্ঞতা থেকে এই জয় হাতছাড়া হওয়ার বেদনা ভাগ করে নিয়েছেন মানুষের সঙ্গে। সেই সঙ্গে ফুটবল দলকে অসাধারণ পারফরম্যান্সের কারণে অভিনন্দন জানাতেও ভুল করেননি তারা।

ভারতের বিপক্ষে এভাবে জয় হারানোর পর নিজেদের স্মৃতিটাকে বেশি উসকে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ক্রিকেট ম্যাচগুলোয় পরাজয়ের স্মৃতি উল্লেখ করেছেন। বলেছেন, এভাবে আগেও স্বপ্নভঙ্গ হয়েছে। সেই কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেজের মাধ্যমে মোসাদ্দেক লিখেছেন, ‘আমাদের স্বপ্নগুলো এভাবেই ভেঙে যায়, ‘হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে, অভিনন্দন বাংলাদেশ’।

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এই আফসোসের পথে হাঁটতে চাননি। তিনি ভালো খেলাটাকেই সামনে এনেছেন। বরং পরের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলে লিখেছেন তিনি। মাশরাফি বলেছেন, শেষ মুহূর্তে এই গোলে ম্যাচ ড্র হওয়ার পরও মাথা উঁচু রাখার মতোই খেলেছে ফুটবল দল, ‘অনেক ভালো খেলেছ তোমরা। শেষ মিনিটের গোলের পরেও তোমাদের নিয়ে গর্ববোধ হচ্ছে। নিজেদের মাথা উঁচু রাখো, সামনের ম্যাচের দিকে তাকিয়ে আমরা।’

মাশরাফি-মোসাদ্দেকের সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিমও। তিনিও এমনভাবে জয় হাতছাড়া হওয়াতে আফসোসে পুড়েছেন। তবে ভবিষ্যতের জন্য নিজেদের সমর্থন আগেই প্রকাশ করে রেখেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্য! তোমাদের লড়াকু মনোভাবে আমরা অনেক গর্বিত। সামনের বার জিতবে ইন শাহ আল্লাহ?। আমাদের সমর্থন আছে তোমাদের জন্য।’

জাতীয় দলের পেসার রুবেল হোসেন অল্প কথায় অভিনন্দন জানিয়েছেন। এরপর আরো ভালো পারফরম্যান্স দেখতে চান, বলে লিখেছেন, ‘দারুণ খেলেছ তোমরা। আরো ভালো পারফরম্যান্স আশা করি।’