ক্রিকেটে ফিরছেন লারা-টেন্ডুলকাররা!

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার

নিজেদের সময়ে বিশ্ব শাসন করেছেন তারা। নব্বইয়ের দশকের এসব তারকার নাম শুনলে এখনো রোমাঞ্চিত হয়ে ওঠেন সমর্থকেরা। সেই শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বীরেন্দর শেবাগ বা মুত্তিয়া মুরালিধরণ আবার ফিরছেন ক্রিকেট মাঠে। নিয়মিত কোনো টুর্নামেন্ট নয়, সড়ক নিরাপত্তার জন্য আয়োজিত হতে যাওয়া একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন এসব তারকা ক্রিকেটার।

শচীন, লারা ছাড়াও এই টুর্নামেন্টে খেলতে সম্মত হয়েছেন জ্যাক ক্যালিস, ব্রেট লি ও শিবনারায়ণ চন্দরপল। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, ২০২০ সালের ২ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে মুম্বাইতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এখানে অংশ নেবে কয়েকটি জাতীয় দলের নামে দল। দলগুলো হচ্ছে ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

এটা জানা গেছে যে এই টুর্নামেন্টে যারা অংশ নেবেন, তারা সবাই অবসরে যাওয়া ক্রিকেটার। এখন পর্যন্ত এরকম ১১০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য সম্মত হয়েছেন। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি মডেলে। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো যেমন হয়, তেমন হবে এই টুর্নামেন্ট। প্রথম বছর শুধু টেস্ট খেলুড়ে দেশগুলোর নামে দল রাখা হবে।

এই টুর্নামেন্টের আয়োজক হলো প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ ও মহারাষ্ট্র সরকারের সড়ক নিরাপত্তা বিভাগ। এদের বাণিজ্যিক পরিকল্পনা হলো আগামী ১০ বছর ধরে এই টুর্নামেন্ট ভারতের বিভিন্ন শহরে আয়োজন করা। এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই ইতিমধ্যে সম্মতি দিয়েছে বলেও জানা গেছে।

খেলোয়াড়দের দেনা-পাওনা পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে টুর্নামেন্টের আয় চলে যাবে সড়ক নিরাপত্তা খাতে। এই খাতে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হবে। ভারত এখন বিশ্বে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহতের দেশগুলোর একটা। এখানে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়ানোর নানান চেষ্টা চলছে।

এই টুর্নামেন্ট দিয়ে আবার দর্শকের সামনে ক্রিকেট খেলবেন টেন্ডুলকার। ২০১৩ সালে অবসর নেওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো দর্শকের সামনে ক্রিকেট খেলবেন তিনি। এর আগে ২০১৪ সালে এমসিসির হয়ে একটা প্রদর্শনী ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের বিপক্ষে। ২০১৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে তিনটি টি-টোয়েন্টির একটা প্রদর্শনী সিরিজ খেলেছিলেন।