ইত্তেফাক রিপোর্ট
মিরপুর-২-এর শাহ আলীবাগ এলাকার পেট্রোল পাম্প মেসার্স স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড। প্রতিষ্ঠানটির চারটি ডিজেল ডিসপেনসিং ইউনিট এবং দুইটি অকটেন ডিসপেনসিং ইউনিটে পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে গতকাল এই চুরির ঘটনা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া ঢাকা মহানগরীর উত্তরা ও গাজীপুর এলাকায় বিএসটিআই অভিযান পরিচালনা করে আরো তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে উত্তরার আজমপুর এলাকার মেসার্স কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, উত্তরা তুরাগ এলাকার মেসার্স লতিফ অ্যান্ড কোং ফিলিং স্টেশন, গাজীপুরের চন্দ্রা এলাকার মেসার্স মুন স্টার ফিলিং স্টেশনের বিরুদ্ধে একই আইনে মামলা দায়ের করা হয়। অভিযানে বিএসটিআইর সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশ নেন।
