হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা নজরুল মণ্ডল গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২২:২৬

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র্যাব। তিনি রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার হত্যা মামলার প্রধান আসামি। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান প্রধান আসামি নজরুল মণ্ডলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মোবারক মোল্লা বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি নজরুল ইসলাম মণ্ডলসহ দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি গ্রামের হাফিজুল ইসলাম, আ. সামাদ শেখ, মাসুদ রানা ও আয়নাল মণ্ডলের ছেলে আরিফ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও সদ্য সাবেক চেয়ারম্যান আতর আলী সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার খুন হন। আবু ডাক্তার হাফিজুল চেয়ারম্যানের মেয়ের দেবর।