সিরিয়ায় তুরস্কের অভিযান যুক্তরাষ্ট্রের সমস্যা নয় : ট্রাম্প

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০০:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় তুরস্কের প্রবেশ আমাদের কোনো সমস্যা নয়। আর কুর্দিরা কোনো ফেরেশতাও নন। গতকাল হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পুলিশ এজেন্ট নয়। আমাদের এখন ঘরে ফেরার সময় হয়েছে। ইতালির প্রেসিডেন্ট সের্গিও মিত্তেরিলার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর বিবিসির

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তুর্কি-সিরিয়া সীমান্তের ঘটনা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য ভাল। মার্কিন সৈন্যরা সেখান থেকে বের হয়ে নিরাপদে আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, সৈন্যরা কিছু কাজ করতে গিয়েছিল এবং সম্ভবত যুদ্ধ ছাড়াই তারা সেটা করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে ট্রাম্প বলেন, কুর্দিরা আমাদের সঙ্গে মিলে যুদ্ধ করেছে। এজন্য আমরা তাদের অনেক অর্থ দিয়েছি। যখন আমাদের সঙ্গে ছিল তখন ভাল ছিল, আর যখন আমাদের সঙ্গে ছিল না তখন খুব ভাল কিন্তু ছিল না। কুর্দিদের নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। কারণ কয়েকদিন আগেই তিনি কুর্দিদের ‘চমত্কার মানুষ’ বলে আখ্যায়িত করেছিলেন।