দুর্গাপুরের ৪০ বছরের পুরোনো ব্রিজটি মরণফাঁদ!

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১৩

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া থেকে কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাট হয়ে শিবগঞ্জ উপজেলার কিচক সংযোগ সড়কে এলজিইডির অর্থায়নে নির্মিত হওয়া দুর্গাপুরের প্রায় ৪০ বছরের পুরোনো ব্রিজটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ঐ ব্রিজটির স্লাবের কিছু অংশ ধসে পড়ায় প্রতিনিয়ত যাত্রীবাহী যানবাহন ও সাধারণ পরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। ঐ ব্রিজটি খুব দ্রুত মেরামত না করা হলে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাছাড়া উদয়পুর ইউনিয়নের দুর্গাপুরের ব্রিজটি বর্তমানে মেরামত না হওয়ায় ১০ কিলোমিটারের রাস্তা ঘুরে আসতে হচ্ছে প্রায় ৪০ কিলোমিটার। ঐ ব্রিজ দিয়ে উপজেলার মাত্রাই, উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের প্রায় ৭০টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষের প্রতিদিন চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার দুর্গাপুর গ্রামের অটোভ্যানচালক আমিনুল ইসলাম, ভটভটিচালক মেজবাউল হোসেন ও মোসলেমগঞ্জ হাটের বাসিন্দা ডা. হিটলুর সরকার, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফরুজসহ অনেকেই বলেন, দুর্গাপুর ব্রিজটি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে।

উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী দাদা বলেন, দুর্গাপুরের ব্রিজটি এলজিইডির আওতায় রয়েছে। ঐ ব্রিজটি খুব দ্রুত মেরামতের জন্য কালাই উপজেলার এলজিইডির প্রকৌশলী সিরাজুল ইসলামকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।

কালাই উপজেলার এলজিইডির প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, উপজেলার দুর্গাপুরের ব্রিজটি প্রায় ৪০ বছরের পুরোনো। সেই ব্রিজের স্লাব কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিজেই সেখানে গিয়ে ঐ ব্রিজের দুই ধারে জনস্বার্থে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি। সেই সঙ্গে দুর্গাপুর ব্রিজটি খুব দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ এলেই তা দ্রুত মেরামত করা হবে।