বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সরকারি বাফার গুদামের ১৫০ কোটি টাকার সার আত্মসাতের মামলায় অভিযুক্ত ঐ গুদামের সাবেক উপপ্রধান প্রকৌশলী নবির উদ্দিন খান ও তার স্ত্রী মোহছেনা বেগমের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে বুধবার এ মামলা করেন। সার কেলেঙ্কারির অভিযোগ উঠার সময় নবীর উদ্দিন সান্তাহার বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা ছিলেন। সার লোপাটের ঘটনায় দায়ের করা মামলারও আসামি তিনি। অভিযুক্ত নবির উদ্দিন খান নওগাঁর রাণীনগর উপজেলার ধোপাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
মামলার বাদী আমিনুল ইসলাম জানান, সার আত্মসাতের মামলাটি তদন্তকালে জানা যায়, নবির উদ্দিন খান এবং তার স্ত্রী মোহছীনা বেগমের নামে জ্ঞাত আয়বহির্ভূত অনেক সম্পদ রয়েছে। তাদের দুই জনকে সম্পদ বিবরণী দাখিলের জন্য গত ২৫ জুন আলাদাভাবে চিঠি দেওয়া হয়। আমিনুল ইসলাম আরো জানান, এই দম্পতির বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় বাড়ি রয়েছে। অথচ তাদের দাখিল করা সম্পদের বিবরণীতে এর কিছু উল্লেখ নেই। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
