চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবারও দর হারিয়েছে দেশের পুঁজিবাজার। টানা দরপতনের পর গত মঙ্গলবার সূচকে বড়ো উল্লম্ফন হলেও পরবর্তী দুই কার্যদিবসে তা ধরে রাখা যায়নি। ফলে বাজার নিয়ে দৃশ্যত বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না। সর্বশেষ গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। কমেছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে।
শেয়ারবাজারের তারল্যসংকট কাটাতে সম্প্রতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাড়ানো হয়েছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর)। রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে অর্থ সরবরাহের সুযোগও দেওয়া হয়েছে। পাশাপাশি তারল্য বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিনিয়োগ বাড়িয়েছে। বন্ড বিক্রি করে সোনালী ব্যাংক থেকে পাওয়া ২০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। এসব কার্যক্রমেও কাঙ্ক্ষিত ফল মিলছে না।
গতকাল ডিএসইতে ৩৫০টি কোম্পানির ১০ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৩১৩ কোটি টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলার, স্কয়ার ফার্মা, সোনারবাংলা ইনসিওরেন্স, বিএসসি, গ্রামীণ ফোন, বীকন ফার্মা, প্যারামাউন্ট ইনসিওরেন্স, ওয়াটা কেমিক্যালস ও মুন্নু সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : গোল্ডেন হারভেস্ট, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইসলামি ইনসিওরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইনসিওরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইসিবি অগ্রণী ১ মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও সিলকো ফার্মা।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : মেঘনা কন্ডেন্সড মিল্ক, মোজাফ্ফর হোসেন স্পিনিং, এমএল ডাইং, আল-হাজ্ব টেক্স, জিলবাংলা সুগার, স্ট্যান্ডার্ড সিরামিকস, এমারেল্ড অয়েল, মুন্নু স্টাফলার, আরএন স্পিনিং ও সোনারগাঁও টেক্সটাইল।
অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান মূল্যসূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
