নিরাপত্তা ও ভারতীয় নাগরিক হওয়ায় পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গী হচ্ছেন না ভারতীয় কোচিং স্টাফরা। চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা সালমা-রুমানাদের। একই সময়ে শ্রীলঙ্কা ইমার্জিং এশিয়া কাপ খেলবে বাংলাদেশ ইমার্জিং নারী দল। শায়লা শারমিনের নেতৃত্বাধীন এই দলটার সফরসঙ্গী হচ্ছেন জাতীয় দলের হেড কোচ আঞ্জু জৈন, সহকারী কোচ দেবীকা পালশিখরসহ বাকিরা। দলটির ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন ওয়াসিম খান।
গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে আঞ্জু জৈনের তত্ত্বাবধানে অনুশীলন করেছে ইমার্জিং নারী দল। হেড কোচ গতকাল জানিয়েছেন, ইমার্জিং দলে অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। যেখানে ১৩ বছর বয়সি লেগ স্পিনার রাবেয়া ও ১৬ বছর বয়সি বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা আছেন। আঞ্জু জৈন গতকাল বলেছেন, ‘আমাদের দলটা ভালো। তারুণ্য ও অভিজ্ঞতার খুব মিশেল রয়েছে। এই সিরিজে চার-পাঁচ জন নতুন খেলোয়াড় আছে।’
আগামী ২০ অক্টোবর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে ইমার্জিং নারী দল। এই টুর্নামেন্টে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চান অধিনায়ক শায়লা শারমিন। নেতৃত্বের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে গতকাল এই নারী ক্রিকেটার বলেছেন, ‘এটি তো অনেক বড়ো একটি চ্যালেঞ্জ। সালমা, জাহানারারা অনেক সিনিয়র খেলোয়াড়। ওনাদের অনেক অভিজ্ঞতা আছে। সেই হিসেবে আমি কিছুটা পিছিয়ে আছি। এশিয়া কাপে আমি অনেক ভালো পারফরম্যান্স করতে চাই। দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই এশিয়া কাপে। এটা আমরা সবাই একসঙ্গে পারফরম্যান্স করলে দলের রেজাল্ট আসবে।’
নতুন ও অভিজ্ঞদের নিয়ে চ্যালেঞ্জটা জিততে চান শায়লা। পাশাপাশি সম্প্রতি দেশের মাটিতে ভারতের সঙ্গে খেলার অভিজ্ঞতা কাজে লাগানোর আশা করছেন তিনি। গতকাল শায়লা বলেছেন, ‘এটা তো অনেক বড়ো একটা চ্যালেঞ্জ যে সবাইকে নিয়ে একসঙ্গে খেলা, অন্যান্য দেশের সঙ্গে খেলা। এদিক থেকে আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে। আমরা শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি, সম্প্রতি ভারত দলের সঙ্গে খেলেছি। সেই অভিজ্ঞতাটুকু আমরা এশিয়া কাপে কাজে লাগাতে চাই।’
