প্রতিষ্ঠার এক বছর পার করল সিলেটের জৈন্তা উপজেলার শ্রীপুরে প্রতিষ্ঠিত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। গতকাল ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ বিরাজ কিশোর ভরদ্বাজ।
এ কে আজাদ বলেন, বাংলাদেশেই আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে এর পথযাত্রা। তবে এখনো আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি। আমাদের বেশ কয়েকটি সমস্যা রয়ে গেছে। তবে সেগুলো সম্পর্কে আমরা পুুরোপুরি অবগত আছি। আগামী এক বছরের মধ্যে এগুলো সমাধানের চেষ্টা করব।
পরিচালনা কমিটির সদস্য এ আর সিনহা বলেন, দেশের যে কোনো সংকটে দক্ষ নেতৃত্বের দরকার। আর নেতৃত্ব দিতে গেলে ব্যালেন্সড জ্ঞান থাকা প্রয়োজন। শিক্ষার্থীরা যাতে সবধরনের জ্ঞান নিয়ে দেশের নেতৃত্ব দিতে পারে সেই সক্ষমতা তৈরি করব। আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে না পারলেও যত শিগগির সম্ভব আন্তর্জাতিক মানের দিকে যাব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্যারাগন গ্রুপের এমডি মশিউর রহমান, নিট এশিয়ার এমডি মতিন চৌধুরী, শারমিন গ্রুপের এমডি ইসমাইল হুসাইন, মাহিন গ্রুপ অব কোম্পানিজের এমডি আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
ভিডিও প্রদর্শন করে ছাত্রাবাস, খাদ্যের সরবরাহ, চিকিত্সা সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া শিক্ষকদের তত্ত্বাবধানে কোচিং সুবিধা, স্কুলের পাঠ্যক্রম, চিত্তবিনোদন ও খেলাধুলার ব্যবস্থাসহ পুরো বিদ্যালয়ের চিত্র তুলে ধরা হয় ঐ ভিডিওতে।
