দেশে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অসংক্রামক রোগের (ননকমিউনিকেবল ডিজিজ) ওপর বৈজ্ঞানিক কংগ্রেস। দেশে প্রথমবারের মতো এই কংগ্রেসের যৌথভাবে আয়োজন করছে—ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং ব্রিটিশ মেডিক্যাল জার্নাল (বিএমজে)। কংগ্রেসের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসএমএমইউ-এর ডা. মিলন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। কংগ্রেসে সাড়ে চারশ চিকিত্সক ও জনস্বাস্থ্য গবেষক অংশগ্রহণ করবেন। কংগ্রেসে নয়টি ক্যাটাগরিতে গবেষক ও চিকিত্সকরা নির্বাচিত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য আরো জানান, ১৯৯০ সালে বাংলাদেশে প্রতি ১০টি মৃত্যুর মধ্যে আটটি ছিল সংক্রামক রোগের কারণে। বর্তমানে প্রতি ১০টি মৃত্যুর মধ্যে সাতটি হচ্ছে অসংক্রামক রোগের কারণে। বাংলাদেশের অসংক্রামক রোগ ব্যাপক আকার ধারণ করেছে। অথচ এসব রোগ প্রতিরোধযোগ্য।
সম্মেলনে আরো জানানো হয়, ২০০ জন চিকিত্সক, গবেষক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিয়ে আগামীকাল ১৯ অক্টোবর আইসিডিডিআরবির সাসাকাওয়া অডিটোরিয়ামে একটি সাইন্টিফিক রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হক মিলনায়তনে। আর ২১ অক্টোবর কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান হবে।
উপাচার্য আরো জানান, ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যাটফরম, বাংলাদেশ আইসিডিডিআরবি, বিএসএমএমইউ এবং ব্রিটিশ মেডিক্যাল জার্নালের একটি ত্রিপক্ষীয় উদ্যোগে প্রতিষ্ঠিত প্ল্যাটফরমে, যার মূল উদ্দেশ্য ডাক্তার ও জনস্বাস্থ্য গবেষকদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে চিকিত্সা গবেষণার প্রসার ঘটানো। ২০১৭ সালে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির ভিত্তিতে এই প্ল্যাটফরমের যাত্রা শুরু হয়।
আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও প্রতিষ্ঠানের নন-কমিউনিকেবল ডিজিজ ইনিশিয়েটিভ শাখার প্রধান ড. আলিয়া নাহিদ প্রমুখ।
