গাজীপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের হাতিয়ার এলাকা এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আল আমিন (১৫)। তিনি শেরপুরের ঝিনাইগাতি থানার নাচনমহুরী গ্রামের মোঃ ফরহাদ আলীর ছেলে। আল আমিন গাজীপুর সিটি কর্পোরেশনের শিমুলতলীর শান্তিবাগ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, হাতিয়াব এলাকার গজারী বনের ভেতর রাজেন্দ্রপুর-চতর বাজার সড়কের পাশে দুর্বৃত্তরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে গেছে। পরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলের অদূরেই ইজিবাইকটি উল্টে পড়ে ছিল। নিহতের চাচা রুস্তম আলী জানান, আলামিন মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
