গত তিন বছরে বিদ্যুত্ বিভাগের ২ হাজার ৯৬১ জন কর্মকর্তা বিদেশ সফর করেছেন। বিদ্যুত্ বিভাগের চলমান প্রকল্পের অধীনে বিভিন্ন দেশে তারা এ সফর করেন।
গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ তথ্য প্রদান করা হয়। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় কমিটির সদস্য ও বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আবু জাহির, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামাঞ্চল এবং অফগ্রিড এলাকায় সোলার বিদ্যুত্ সংযোগ প্রদানের জন্য ২১টি সোলার মিনিগ্রিড, ১,৩৭৪টি সোলার ইরিগেশন পাম্প এবং ৫.৮ মিলিয়ন সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। আরো ছয়টি সোলার মিনিগ্রিড এবং ২৩২টি সোলার ইরিগেশন পাম্প স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। ১ হাজার ৬৯টি অফগ্রিড গ্রাম চিহ্নিত করা হয়েছে যার মধ্যে ৬২০টি গ্রামে ২০২০ সালের জুনের মধ্যে গ্রিডের মাধ্যমে বিদ্যুত্ সংযোগ দেওয়া সম্ভব হবে। কমিটি দেশের সকল স্থানে ২০২০ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আনার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
