বিদ্যুত্ খাতে সৌদির সবচেয়ে বড়ো বিনিয়োগ আসছে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৪০

এলএনজিভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনে বাংলাদেশে বড়ো বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের এই বিনিয়োগে দেশে ৩ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুেকন্দ্র স্থাপন করা হতে পারে। এ লক্ষ্যে যত দ্রুত সম্ভব সম্ভাব্যতা যাচাই করবে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পিডিবি এবং সৌদি কোম্পানি আকওয়া পাওয়ারের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এবং আকওয়া পাওয়ারের চেয়ারম্যান মোহম্মদ আবু নাইয়ান স্মারকে সই করেন।

বিদ্যুত্ বিভাগ সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালী অথবা মাতারবাড়িতে এ কেন্দ্র নির্মাণের সম্ভাব্য স্থান খোঁজা হবে। তবে কেন্দ্র নির্মাণের স্থান ঠিক হবে প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ হবার পর। প্রকল্পে বাস্তবায়নে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করা হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের জিই এর সঙ্গে পিডিবি এবং জার্মানির সিমেন্সের সঙ্গে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির একই ক্ষমতার দুইটি বিদ্যুেকন্দ্র স্থাপনের সমঝোতা স্মারক সই হয়েছিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নতুন বিদ্যুেকন্দ্রটি স্থাপনে দুই থেকে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আকওয়া পাওয়ার। এই চুক্তির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা যখন গত নভেম্বরে সৌদি সফর করি তখন সৌদি বাদশা বলেছিলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য পিআইএফ (পাবলিক ইনভেস্ট ফান্ড) টিম পাঠাব। এক বছরের মধ্যেই তিনি তার কথা বাস্তবায়ন করেছেন। উপদেষ্টা বলেন, জ্বালানি হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। বাংলাদেশে অসাধারণ সাফল্য এসেছে এই খাতে। এ সমঝোতা স্মারকের পর খুব দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ করে চূড়ান্ত চুক্তি এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পন্ন হবে। তবে এই প্রকল্প বাস্তবায়ন হতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে।

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশের বিদ্যুত্ খাতে বিনিয়োগের ঝুড়ি এখন ভরা। তারপরেও উন্নত দেশে পরিণত হতে হলে আমাদের আরো বিনিয়োগ প্রয়োজন। সৌদির এই বিনিয়োগ দুই দেশের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে। এর আগে বাংলাদেশে সৌদির আল ফানার নামে একটি কোম্পানি ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুত্ স্থাপনে চুক্তি করেছে। তবে এটিই সৌদির বড়ো বিনিয়োগ।

আকওয়া পাওয়ারের চেয়ারম্যান মোহাম্মদ আবু নাইয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক অনেক ভালো। এই সম্পর্ক বাণিজ্যিক বিনিয়োগের মাধ্যমে আরো শক্তিশালী হবে। তিনি জানান, বিশ্বের ১২টি দেশে আকওয়া কাজ করছে। সবচেয়ে বেশি বিনিয়োগ সৌর বিদ্যুতে। এছাড়া জলবিদ্যুত্, তাপবিদ্যুত্ নিয়েও আমরা কাজ করছি। বাংলাদেশে এটি আমাদের সবচেয়ে বড়ো বিনিয়োগ। এ বিনিয়োগের মাধ্যমে যে বিদ্যুেকন্দ্র স্থাপন করা হবে সেটি অত্যাধুনিক প্রযুক্তির হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার, বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ।