আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে ইলিশ নিধন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু জেলে মা ইলিশ নিধন করেই চলেছে। জানা গেছে, উপজেলার বিশনন্দী, দয়াকান্দা, টৈটিয়া, খাগকান্দা, কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গভীর রাতে শুরু হয় ইলিশ নিধন। চলে ভোর পর্যন্ত। ভোরে ইলিশ মাছগুলো উপজেলার দয়াকান্দা ও বিশনন্দী ও শম্ভুপুরা অস্থায়ী হাটে বিক্রি করা হয়। এই ব্যাপারে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা আনিছুজ্জামান জানান, আমরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। এই পর্যন্ত তিন জেলেকে কারাদণ্ড প্রদান, ২ লাখ মিটার কারেন্ট জাল ও ১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। তিনি জেলেদের সরকারি আইন মেনে চলার জন্য অনুরোধ করেন —মাসুম বিল্লাহ
