হিজড়াদের জীবনমান উন্নয়নে ধামরাইয়ে প্রণোদনা কর্মশালা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৫০

গতকাল বুধবার সূতিপাড়া এফটিসিতে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রণোদনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক। তিনি তার বক্তব্যে দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজে প্রশংসিত ও সুদৃঢ় অবস্থান সৃষ্টির জন্য হিজড়া জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই আয়োজিত এই কর্মশালায় সংস্থার সিইও সামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. বিললাল হোসেন, ড. মো. নূরুল ইসলাম, এ.এস.পি মো. সালাউদ্দিন, ওসি দীপক চন্দ্র সাহা, হিজড়া নেতা বকুল হাজী, হিজড়া নেতা অনন্যা, হিজড়া নেতা সামিউল আলীম শাম্মী প্রমুখ। তারা সমাজে অবহেলিত হিজড়া সম্প্রদায়ের সামাজিক অবস্থান ও জীবনমান উন্নয়নসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। হিজড়াদের জীবনমান উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার আশ্বাস দেন এসডিআইর সিইও সামছুল হক।

অন্যদিকে হিজড়া নেতা বকুল হাজী অভিযোগ করে বলেন, অনেকে হিজড়া না হয়েও হিজড়া সেজে কিংবা হিজড়া সাজিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা  আদায় করে নিচ্ছে। তিনি প্রকৃত হিজড়াদের সঠিক সংখ্যা নিরূপণ ও তাদের সুযোগ-সুবিধা দানের অনুরোধ জানান। ধামরাই, সাভার ও মানিকগঞ্জ এলাকার অর্ধশতাধিক হিজড়া এ কর্মশালায় অংশগ্রহণ করেন।