আফরোজা আব্বাসের গণসংযোগে হামলার অভিযোগ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, তাকে হত্যার জন্য ভোটের প্রচারের সময় ‘আওয়ামী লীগের কর্মীরা’ তার ওপর হামলা চালিয়েছে। গতকাল বুধবার বিকালে শাহজাহানপুরে ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার স্ত্রী আফরোজা।

তার দাবি, সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ এলাকা এবং বেলা সাড়ে ১১টায় মাদারটেক চৌরাস্তার কাছে গণসংযোগের সময় হামলার ওই ঘটনা ঘটে।

হামলার সময় আফরোজার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

আফরোজা বলেন, ‘আমি গণসংযোগ করার জন্য গাড়ি থেকে নেমেছি মাত্র। দূর থেকে আমি দেখলাম, ওরা নৌকার স্লোগান দিতে দিতে হাত উুঁচ করে এলো, ওদের হাতে লাঠি আর হকিস্টিক। আমি সিনেমায় দেখেছিলাম ভাই, কিছু হলে লাঠিয়াল বাহিনী আসে। এই প্রথম বাস্তবে দেখলাম লাঠিয়াল বাহিনী।’

“ওদের উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা একদম। আমাকে হত্যার উদ্দেশে এ আক্রমণ ওরা চালায়। আমি গাড়ি থেকে বের না হলে ওরা আমাকে মেরে ফেলত।”

আফরোজার অভিযোগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ৩০ জন নেতা-কর্মী ওই হামলা চালায়। অভিযোগ করেও প্রশাসনের কোনো সহযোগিতা তারা পাননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত মির্জা আব্বাস বলেন, নির্বাচন একদিন থাকবে না, আমাদের প্রার্থিতাও থাকবে না, আমাদের এলাকায় বসবাস করতে হবে, এটা সকলের মনে রাখা উচিত।