অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০২:২৬

কয়েকদিন আগে আছাড় খেয়ে মাটিতে পড়ে পিঠে ব্যথা পেয়েছিলেন মফিজউদ্দিন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় চমেক হাসপাতালে। কিন্তু তখন কে জানতো হাসপাতাল থেকে আর কোনোদিন বাড়িতে ফিরতে পারবেন না এই বৃদ্ধ। চিকিৎসা শেষে বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে বাঁশখালির ছনুয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল দুই ছেলে ও পুত্রবধূরা। তবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা। তার আগেই অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন পরিবারের তিন সদস্য।

তারা হলেন- মফিজউদ্দিন ও তার দুই পুত্রবধূ জয়নাব বেগম ও বুলবুল আক্তার। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মফিজউদ্দিনের ছেলে সাহাবউদ্দিন, নেজামউদ্দিন ও অ্যাম্বুলেন্সের হেলপার মোহাম্মদ মুন্না। তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: ঝড়ের কবলে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে বহনকারী বিমান

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ইত্তেফাককে জানান, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করে চমেক হাসপাতাল থেকে বাঁশখালির দিকে যাচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে একই পরিবারের দুইজন নিহত হন। চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে রাস্তায় বুলবুল আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সের চালককে পাওয়া যাচ্ছে না। সম্ভবত সে আহত অবস্থায় পালিয়ে গেছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/বিএএফ