লিখনকে খেলাতে চাননি ঢাকার অধিনায়ক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩৪

দুই কোচের অপসারণ

জান-ই-আলম

হন্যে হয়ে লেগ স্পিনার খুঁজছে বাংলাদেশ। লেগ স্পিনার তৈরি করতে উদ্যোগ নিচ্ছে বিসিবিও। বিপিএলের সপ্তম আসরে সাত দলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করা হয়েছে। একই নির্দেশনা ছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দলগুলোর প্রতিও। বিসিবির নির্দেশনা মেনে এনসিএলের দ্বিতীয় রাউন্ডে একাদশে লেগ স্পিনার না রাখায় ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের কোচকে বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার।

চট্টগ্রামে ম্যাচের মাঝপথেই (প্রথম দিন) ঢাকার কোচ জাহাঙ্গীর আলম, রংপুরের কোচ মাসুদ পারভেজকে অপসারণ করা হয়েছে। ঢাকা দুই রাউন্ডেই সুযোগ দেয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে। দ্বিতীয় রাউন্ডে রংপুরের একাদশে রাখা হয়নি রিশাদ হোসেনকে। অথচ তরুণ লেগ স্পিনার রিশাদ সদ্যই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে এসেছেন।

গতকাল বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একই কাণ্ডে বিসিবির সামনে হাজির হতে হবে ঢাকার অধিনায়ক নাদিফ চৌধুরী ও রংপুরের অধিনায়ক নাসির হোসেনকে। ম্যাচ চলছে বলেই অধিনায়কদের ডাকা হয়নি। তবে সুবিধাজনক সময়ে উভয় দলের কোচ, অধিনায়ককে ব্যাখ্যা দিতে হবে এই ঘটনার।

এবারই প্রথম এনসিএলে হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম। জনদাবির মুখে ৯৯ বিশ্বকাপে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে সরিয়েই দলে নেওয়া হয়েছিল বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। এক রাউন্ড পরই দায়িত্ব থেকে সরে যেতে হলো জাহাঙ্গীর আলমকে।

লিখনকে একাদশে না রাখার কারণ হিসেবে নারায়ণগঞ্জের এই সাবেক ক্রিকেটার উল্লেখ করেছেন, ভুল বোঝাবুঝি এবং অধিনায়কসহ টিম ম্যানেজমেন্টের অনাগ্রহের কথা। কোচ হিসেবে লিখনকে খেলানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু রাজি হননি অধিনায়ক নাদিফ চৌধুরী ও ম্যানেজার।

লেগ স্পিনার খেলাতেই হবে ম্যাচের আগে এমন নির্দেশনা আগে পেয়েছিলেন কি না জানতে চাইলে গতকাল জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এটা ভুল বোঝাবুঝি। প্রথম ম্যাচে বলে নাই। দ্বিতীয় ম্যাচে আমারে বলছে ওরে (লিখন) খেলানোর জন্য। আমি অধিনায়ক, ম্যানেজারকে বলছি বিসিবি তো বলেছে, লেগ স্পিনার খেলানোর জন্য। কিন্তু আমার দল সম্মত হয়নি।’

কন্ডিশন বিবেচনায় লিখনকে রাখেনি ঢাকা বিভাগ। জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ম্যাচের কন্ডিশন যেমন ছিল গ্রাসি উইকেট, উইকেট অনেক ড্রাই ছিল। ওখানে (চট্টগ্রামে) দেখেন ৫০০ রান হয়েছে। সাইফ হাসান ডাবল সেঞ্চুরি করেছে। এসব কারণেই খেলানো হয়নি। যদি চিঠি দিয়ে এটা বলত তাহলে এটা হতো না।’

বাঁ-হাতি স্পিনার বাদ দিয়েও লেগ স্পিনার খেলাতে চেয়েছিলেন তিনি। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এখানে দুইটা প্লেয়ার ঢুকছে। নাদিফ ও সাইফ। আমি ভেবেছিলাম, দুইটা পেস বোলার ও লিখন খেলবে। আমি এমনও বলছি বাঁ-হাতি স্পিনার বসিয়ে ওরে খেলানো হোক। দল আমার সঙ্গে সম্মত হয়নি।’

পুরো টিম ম্যানেজমেন্টকে নিয়েই বিসিবির মুখোমুখি হতে চান জাহাঙ্গীর আলম। গতকাল তিনি বলেছেন, ‘আমি অধিনায়ক, ম্যানেজারকে নিয়েই বসতেই চাই বিসিবির সামনে। কারণ আমি তাদেরকে বলেছি বিষয়টা। আমারে ডাকলে আমি বলব, আমি সবাইকে নিয়ে বসতে চাই।’