স্পোর্টস রিপোর্টার
ক্রিকেট বিশ্বে শুধু প্রশাসন নয় মাঠের ক্রিকেটে ভারতও এখন শক্তিধর দল। ঘরের মাঠে ভারত সবসময় শক্তিশালী। এই তো চলমান টেস্ট সিরিজে স্বাগতিক ভারতের দাপটে চিড়ে-চ্যাপ্টা দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। শুরুতেই স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে লড়বে সাকিব আল হাসানের দল।
ভারতের মাটিতে টি-২০ ফরম্যাটে বাংলাদেশ-ভারত সাক্ষাত্ হয়েছে একবারই। যে ম্যাচের আলোচনা আসতেই ভেসে আসে বাংলাদেশের হূদয় পোড়ার গন্ধ। ২০১৬ টি-২০ বিশ্বকাপে ব্যাঙ্গালোরে তিন বলের ঝড়ে, মুশফিক-মাহমুদউল্লাহর আত্মাহুতিতে হাতের মুঠোয় থাকা ম্যাচটি ফসকে যায়। ১ রানের অবিশ্বাস্য জয় পায় ভারত। এই ফরম্যাটে দুই দলের ৮ বারের সাক্ষাতে সবকটিই হেরেছে বাংলাদেশ।
তারপরও বৃহস্পতিবার ঘোষণা করা ১৫ সদস্যের দল নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের আশা করছেন তিনি। ভারতের মাটিতে ভারতের খেলা সব দেশের জন্যই কঠিন। প্রধান নির্বাচকের চাওয়া, ভারতের মাটিতে সাকিবরা ভালো ক্রিকেট খেলুক।
বাংলাদেশের ঘোষিত দলটা নিয়ে টি-২০ সিরিজে কি প্রত্যাশা করছেন জানতে চাইলে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এখানে সব দলের জন্যই কঠিন, ভারতের কন্ডিশনে ভারতের বিরুদ্ধে খেলা। আমরা আশা করি আমাদের দল ভালো ক্রিকেট খেলবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে।’
প্রায় চার বছর পর টি-২০ দলে বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও ডানহাতি পেসার আল-আমিন হোসেনের ফেরাটাই সবচেয়ে বড়ো চমক। এই ভারতেই (২০১৬ সালের মার্চে) তারা নিজেদের শেষ টি-২০ খেলেছিলেন। আবার ভারত সফরের দলে ডাক পেয়েই ক্যারিয়ারে নতুন শুরু পেল আল-আমিন, আরাফাত সানির ক্যারিয়ার।
এছাড়া টি-২০ দলে ফিরেছেন সৌম্য সরকার, গত মাসে ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকা তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
টি-২০ স্পেশালিস্ট খ্যাত সাব্বিরের বাদ পড়াটা শুধুই ফর্মহীনতার কারণে। ত্রিদেশীয় টি-২০ সিরিজে রান পাননি। জাতীয় লিগেও রানের দেখা নেই তার ব্যাটে। প্রধান নির্বাচক বলেছেন, ‘ফর্ম কই। ওর ফর্ম নাই তো। টি-২০ স্পেশালিস্ট হলেও আপনি যখন রানে থাকবেন না তখন টানা কঠিন।’
সাব্বিরের মতোই ফর্মহীন হলেও সৌম্য সরকার ফিরেছেন টি-২০ দলে। ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ পরই বাদ পড়েছিলেন তিনি। ভারত সফরে তার ডাক পাওয়াটা পুরোই হেড কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়ায়। মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘এটা কোচের চাওয়া। আমরা নির্বাচকরা এটা করিনি। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে সৌম্যকে চাওয়া হয়েছে।’
জাতীয় লিগের প্রথম রাউন্ডে ৩৬ ও গতকাল দ্বিতীয় রাউন্ডে শূন্য রানে ফিরেছেন খুলনার হয়ে খেলা সৌম্য। সাব্বির অবশ্য দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর একাদশেই নেই।
দুই অভিজ্ঞ ক্রিকেটার আল-আমিন, আরাফাত সানি দলে ফিরেছেন টি-২০’ তে অনেকে সুযোগ পেয়েও থিতু হতে না পারায়। নির্বাচকরা অভিজ্ঞদের প্রতি আবার আস্থা রেখে দেখতে চান। তাইজুল, নাজমুল অপুরা প্রত্যাশা না মেটাতে পারায় বাঁহাতি স্পিনার আরাফাত সানি ডাক পেয়েছেন। পেসারদের মধ্যে আল-আমিন সবসময় ফিট। একটা সময় দলের অপরিহার্য ছিলেন তিনি।
প্রধান নির্বাচক বলেছেন, ‘ওরা দুইজনই একটা সময় দলে ছিল। পরে বাদ পড়েছে। এখন দুইজনই ছন্দে ফিরেছে। আল-আমিন এখন সবচেয়ে ফিট ফাস্ট বোলার। ওদের অভিজ্ঞতাও আছে।’
পিঠের ইনজুরি দারুণ ভোগাচ্ছে সাইফউদ্দিনকে। যদিও ভারত সফরের দলে রাখা হয়েছে তাকে। নির্বাচকদের আশা টি-২০ ফরম্যাটে খেলতে পারবেন এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার।
