গতকাল শুক্রবার ঝিনাইদহে নবগঙ্গা নদীতে তালের ডোঙ্গার বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলে একে অপরকে পেছনে ফেলে সামনের দিকে ছুটে চলা। আর এতে উত্সাহ জোগায় নদীপাড়ে থাকা কয়েকশ দর্শক।। ধোপাঘাটা-গোবিন্দপুর মত্স্যজীবী সমবায় সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। নদীর তীরে দাঁড়িয়ে নানা বয়সের বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে এ ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা। শহরের গোবিন্দপুর এলাকা থেকে বাইচ শুরু হয়ে দুই কিলোমিটার দূরের ধোপাঘাটা এলাকায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকার ২২টি তালের ডোঙ্গা।
শহরের ভূটিয়ারগাতী এলাকা থেকে এ প্রতিযোগিতা দেখতে আসা রুবেল হোসেন বলেন, আমাদের নবগঙ্গা নদী মৃত প্রায়। এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা করা সম্ভব নয়। তাই এলাকার মানুষ তালের ডোঙ্গার বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা খুবই উপভোগ্য। না দেখলে বোঝা যাবে না বাংলার গ্রামীণ ঐতিহ্য কতটা সমৃদ্ধশীল।
এ প্রতিযোগিতার আয়োজক ধোপাঘাটা-গোবিন্দপুর মত্স্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে আর স্বল্প আয়ের মত্স্যজীবীদের একটু আনন্দ দানের জন্য এ আয়োজন।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় প্রথম হন মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর সাত্তার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে দেওয়া হয় মোবাইল ফোন, লাইট ও ছাতা ।
