বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের দাবিতে প্রশাসন ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা বলেন এ সংকটের ফলে শিক্ষা কার্যক্রমসহ একাডেমিক, প্রশাসনিক কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ থাকলেও ডিন মাত্র দুইজন, যার মধ্যে একজন চিকিত্সার জন্য ছুটিতে দেশের বাইরে। এখন একজন ডিন দিয়েই চলছে বিশ্ববিদ্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন বিভাগে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সেশনজট চলছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, মহিউদ্দিন আহমেদ শিফাত, লোকমান হোসেন, ইকবাল মাহমুদ ও রাজু গাজী প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের অর্থ শাখা সূত্র জানায়, উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, উপাচার্য না থাকায় সকল উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে। ঠিকাদারদের কোটি কোটি টাকার বিল আটকে গেছে। নতুন উপাচার্য নিয়োগ ছাড়া এ সংকট উত্তরণের কোনো পথ নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই। সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, বিভিন্ন বিভাগের ফল প্রকাশ করা যাচ্ছে না। প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
