যুবলীগ করার বয়সসীমা নিয়ে রবিবার গণভবনে আলোচনা হবে -------- কাদের

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:১১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা হবে, তা নিয়ে রবিবার গণভবনে অনুষ্ঠিতব্য বৈঠকে আলোচনা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটো ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কত বছর বয়স পর্যন্ত যুবলীগে থাকা যাবে, তার কোনো সীমা সংগঠনটির গঠনতন্ত্রে বেঁধে দেওয়া নেই। যুবলীগের বর্তমান সভাপতি ওমর ফারুকের বয়স ৭১ বছর। মূলত এ কারণেই বয়স বেঁধে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে সংগঠনটি পরিচালনার জন্য নতুন নেতৃত্ব আসতে পারে বলে আলোচনা আছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘যুবলীগের নেতাদের নিয়ে রবিবার গণভবনে সভা ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংগঠনটির চেয়ারম্যানকে ডাকা হয়নি। কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা দলের কার্যালয়ে ডাকা হলে আমি বলতে পারতাম।’ প্রসঙ্গত, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে সম্প্রতি যুবলীগের বেশ কয়েক জন নেতা গ্রেফতার হওয়ার পর সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে নিয়ে নানান আলোচনা হচ্ছে। তার ব্যাংক হিসাব তলব করার পাশাপাশি বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একটি রোগ আছে। সেটা হলো—অভিযোগ। অভিযোগ নামক রোগ বিএনপিকে পেয়ে বসেছে। তারা কথায় কথায় অভিযোগ করে, নালিশ করে। এছাড়া তো তাদের আর কিছু করার নেই। তিনি বলেন, বিএনপি রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুক, এটা আমরা চাই।