সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্নীতিরোধ বিষয়ে মতবিনিময় করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকালে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাভারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রকের সভাপতি শওকত আলী মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন। দুপ্রক সদস্য আব্দুল কাদের তালুকদারের সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন দুপ্রক সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন খান নঈম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মেদ, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ইমরুল হাসান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার।
সভায় বক্তারা বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত সততা সংঘ গঠন করে ভবিষ্যত্ তরুন প্রজন্মের ছাত্রছাত্রীদের নীতি-নৈতিকতা, আদর্শ সম্পর্কে শিক্ষা দিতে হবে যাতে তারা পড়াশুনায় মনোযাগী হয়ে প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে মানবসম্পদে পরিণত হতে পারে। তরুণ প্রজন্ম যাতে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে শিক্ষকসহ সকলকে সচেতন থাকতে হবে।
