অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন :রিজভী

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:৩৭

দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তাতে ক্ষুব্ধ জনগণ ‘গণভবনের’ নাম পরিবর্তন করে ‘সান্ত্বনা ভবন’ নামে ডাকতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্য্যডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি যে, শহীদ আবরার ফাহাদের পিতা-মাতার আগে ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানদেরও গণভবনে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছিল। সাংবাদিক দম্পতি সাগর-রুনির মা-বাবাও গণভবনের আশ্বাস পেয়েছিলেন। বিশ্বজিত্ এর মা-বাবা, নুসরাতের মা-বাবা, তনুর বাবাকেও গণভবনে ডেকে নিয়ে বিচারের গ্যারান্টি ও সান্ত্বনা দেওয়া হয়েছিল। কিন্তু ঐসব মামলার কী পরিণতি হয়েছে দেশবাসী তা ভালো করেই জানে।

ভারতের সাথে ‘অবৈধ’ চুক্তি ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে পথসভায় তিনি এসব কথা বলেন। গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী মত্স্যজীবী দল আয়োজিত সমাবেশে একথা বলেন। তার আগে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

মত্স্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভায় সভাপতিত্ব করেন।

রিজভী বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিত্সার সুযোগ দিন। অন্যথায় তার সকল দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণ অন্যায়কারীদের হিসাব রাখছেন। তারা সব কড়ায়-গণ্ডায় বুঝে নেবে। জনগণের ধৈর্য ও সহ্যের বাঁধ ভেঙে গেছে।