হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক বাবু মিয়া (৩২) ও হেলপার রহমত আলী (২৫)।
পুলিশ জানায়, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপার। এছাড়া অপর ট্রাকের হেলপার শাহ আলম (৩৫) গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে হামলায় ৬ পুলিশ আহত, আটক ৩
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

