লে: কর্নেল কাজী শরীফউদ্দিন, ইবি
অধ্যক্ষ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জেএসসি পরীক্ষার্থীদের জন্য সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষের কিছু পরামর্শ। কৈশোরের শিক্ষার্থীদের একটি অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে জেএসসি। সারাবছরের প্রস্তুতির পরিসমাপ্তি এবং সনদের মাধ্যমে স্বীকৃতি আসবে এই পরীক্ষার মাধ্যমে। সুতরাং শেষ দিনগুলোতে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। মনে রাখবে এখান থেকেই তোমার স্বপ্নের যাত্রা শুরু। তুমি ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যাংকার,শিক্ষক,বিসিএস ক্যাডার কি হতে পারবে তোমার ফলাফলই তা বলে দেবে। পরীক্ষার সময়সূচি এখনই তোমার পড়ার টেবিলের সামনে অবশ্যই লাগিয়ে রাখবে। এতে পরীক্ষার দিন ও তারিখ সহজেই দেখে নিতে পারবে।
১। পরীক্ষার আগের রাতে করণীয় :পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত পরীক্ষার আগের রাত। এই রাতে শুধুই পরবর্তী দিনের পরীক্ষার বিষয়ে মনোযোগ দিয়ে বারবার অনুসরণ করতে হবে। যেমন কোন বিষয়-কতটি প্রশ্ন থাকবে কতটি প্রশ্নের উত্তর লিখতে হবে ?
ঠিকমত জেনে যেতে হবে। কোন অবস্থাতেই অনেক রাত পর্যন্ত জেগে থাকা যাবে না। ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য ভালো ঘুম যথেষ্ট প্রয়োজন।
২। রাতে ঘুমাতে যাওয়ার আগে করণীয় :পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা সংক্রান্ত সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঘুমাতে যাওয়ার আগেই প্রবেশপত্র, কলম, পেনসিল, ইরেজার, স্কেল ইত্যাদি গুছিয়ে রাখবে। কারণ পরের দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যদি এসব গোছাতে যাও তাহলে সময় অপচয় হবে। তাড়াহুড়োর কারণে অস্থিরতায় ভুগতে হবে। এবং ভুল হতে পারে। তাই পরীক্ষার উপকরণগুলো অবশ্যই রাতে ঠিকঠাক করে রাখবে।
৩। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে যা করতে হবে : Final check up অবশ্যই দেখে নেবে প্রবেশপত্র এবং পরীক্ষা সংক্রান্ত সব সামগ্রী। মনে রাখবে প্রবেশপত্র ও পরীক্ষা সামগ্রী ছাড়া অন্য কোনো বই,খাতা বা কাগজ সঙ্গে নেওয়া যাবে না।
৪। পরীক্ষা কেন্দ্রে মূল করণীয় :কমপক্ষে ৩০মিনিট আগে অবশ্যই তোমার আসন গ্রহণ করবে। বন্ধুদের সঙ্গে হইচই না করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু চিন্তা করো।
